
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরই সরকারের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই ট্রাম্প তাঁর পূর্বসূরির নিয়োগ দেওয়া এই চার কর্মকর্তাকে বরখাস্ত করলেন।
অভিষেকের পর ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রথম পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন। একই পোস্টে তিনি হাজারো কর্মকর্তাকে হুমকি দিয়েছেন বরখাস্তের।
ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, আগের প্রশাসনের নিয়োগ দেওয়া এক হাজারের বেশি ব্যক্তিকে চিহ্নিত ও অপসারণের লক্ষ্যে সক্রিয় প্রক্রিয়া চলমান। আমেরিকাকে আবার মহান করে তোলার বিষয়ে তাঁর যে দৃষ্টিভঙ্গি, তার সঙ্গে সংগতিপূর্ণ নন এই ব্যক্তিরা।
বরখাস্ত হওয়া চার ব্যক্তি হলেন মার্কিন প্রেসিডেন্টের খেলাধুলা, স্বাস্থ্য-সবলতা ও পুষ্টিবিষয়ক পরিষদের হোসে আন্দ্রেজ, জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদের মার্ক মিলে, উইলসন সেন্টার ফর স্কলারসের ব্রায়ান হুক ও রপ্তানিবিষয়ক পরিষদের কেইশা ল্যান্স বটমস। তাঁদের তৎক্ষণাৎ বরখাস্ত করা হয়েছে।


