
ফিক্সিং কান্ডে মুখ খুলেছেন বাংলাদেশের ক্রিকেটার এনামুল হক বিজয়। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় জানিয়েছেন, যারা মিথ্যা খবর ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি।
এবারের বিপিএলে মাঠের ক্রিকেটে ভালোই কেটেছে এনামুল হকের। ১২ ম্যাচে করেছেন ৩৯২ রান। সাথে একটি সেঞ্চুরিও এসেছে তাঁর ব্যাট থেকে। কিন্তু এমন পারফরম্যান্সের পরও বিজয়ের মাঠের বাইরে আছেন এক অস্বস্তিকর আলোচনায়।
শনিবার সকালে খবর ছড়িয়ে পড়ে ফিক্সিং সন্দেহে এনামুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এরপর সেদিন বিকেলেই অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদবিজ্ঞপ্তি দিয়ে জানায়, খবরটি সত্যি নয়। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি ভিডিও দিয়েছেন বিজয়।
এই ওপেনার বলেন, ‘গত চার-পাঁচ দিন আমার পরিবার এবং নিজের ওপর দিয়ে যা যাচ্ছে, সেটা আসলে কারওরই জানা নাই। শুধু জানা আছে আমার। আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই। কিন্তু ওরকম পরিস্থিতিতে ছিলাম না, তাই কিছু বলা হয়নি। যখন দেখলাম বিসিবি, আমাদের অভিভাবক, তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদমাধ্যমে। যেটার পরই আসলে কথা বলার একটা সুযোগ হয়েছে। আমি মনে করি সেটা কথা বলার পারফেক্ট সময়।’
বিজয় জানান, যারা এ ধরনের খবর ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন। ২৪ ঘণ্টার মধ্যেই উকিল নোটিশ পৌঁছে যাবে তাদের কাছে।
এই খারাপ সময়ে যারা তার পাশে ছিলেন, ভিডিওর শেষে তাদের প্রতিও আলাদা করে কৃতজ্ঞতা জানিয়েছেন বিজয়, ‘যারা আমাকে বিশ্বাস করে, ভালোবাসে। যারা আমাকে সম্মান দেখিয়েছে। যারা ইতিবাচকভাবে আমার পাশে ছিল তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।’


