
গনতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় সরকারের সমালোচনা হবেই। কিন্তু কিছু উপদেষ্টা আছেন, যারা সমালোচনা করলে বিরক্ত হন, বিভিন্ন মন্তব্য করেন বলে জানিয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমাধিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ”সমালোচনা সহ্য করতে না পারলে উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে রাজনৈতিক দল গঠন করেন। আজকে যদি চালের দাম বাড়ে আমরা সমালোচনা করবো না, আইনশৃঙ্খলার অবনতি নিয়ে কথা বলতে পারবো না, নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে পারবো না?”
এরআগে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে শহীদ জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী।
শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘কোথায় আপনার যুবলীগ, ছাত্রলীগ ও সন্ত্রাসীবাহিনী। যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, শিশুদের হত্যা করেছে এবং বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে। দেশের মানুষ আর আপনাদের মেনে নেবে না। তারা চায় আপনাদের সকল অপকর্মের বিচার।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ”এমন সংস্কার করতে হবে, আর কোনোদিন যেন কোনো রক্তচক্ষু মানুষের অধিকার কেড়ে নিতে না পারে। মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে না নিতে পারে।”


