বুধবার, এপ্রিল ২২, ২০২৬

পাত্তাই পেল না রংপুর ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল খুলনা

তিন তারকা ক্রিকেটার রাসেল, ভিন্স এবং ডেভিডকে নিয়েও জয়ের দেখা পেল না রংপুর রাইডার্স, শিরোপা প্রত্যাশীদের বিদায় করে দারুণ জয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল খুলনা টাইগার্স।

এলিমিনেটর ম্যাচে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে মিরাজ বাহিনী। আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬.৫ ওভারে ৮৫ রান সংগ্রহ করে টুর্নামেন্ট টানা আট জয় পাওয়া রংপুর। জবাবে অধিনায়ক মেহদী হাসান মিরাজ রানছাড়া ফিরলেও ৯ উইকেটের সহজ জয় পায় খুলনা।

ম্যাচ শুরুর আগে সম্প্রচারকারি টেলিভিশনে এক আলোচনায় রাইডার্স সহকারী কোচ শাহরিয়ার নাফীস বলছিলেন, কখনও কখনও হুট করে একাদশে বেশি পরিবর্তন দলের ছন্দপতন ঘটায়। মজার ব্যাপার হলো, তাদের দল বেছে নিল সেই পথ এবং সত্যি হয়ে গেল তার শঙ্কাও। প্লে-অফের জন্য দলে যোগ দেয়া আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিডের মতো তারকাদের দলে জায়গা দিতে একাদশের বাইরে পাঠিয়ে দেয় এ মৌসুমে দলের সফলতম ব্যাটসম্যান ইফতিখার আহমেদকে। কিন্তু উড়ে আসা তারকাদের কেউই জ্বলে উঠতে পারলেন না। মৌসুমের সবচেয়ে বাজে পারফরম্যান্স এ দিনই দেখলো রংপুরের।

খুলনাও দলে নিয়েছিলো শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডারকে। কিন্তু তাদের ভূমিকার প্রয়োজনই হলো না। মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখের মতো দেশের ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সেই দারুণ জয়ে তারা এক ধাপ এগিয়ে গেল ফাইনালের দিকে।

বিপিএলের ‘এলিমিনেটর’ ম্যাচে রংপুর রাইডার্সকে উইকেটে বিধ্বস্ত করে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিল খুলনা টাইগার্স।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর রাইডার্স: ১৬.৫ ওভারে ৮৫ (ভিন্স ১, সৌম্য ০, সাইফ হাসান ৪, শেখ মেহেদি ১, সাইফ উদ্দিন ৮, সোহান ২৩, ডেভিড ৭, রাসেল ৪, রকিবুল ১, আকিফ ৩২, নাহিদ ০*; মিরাজ ৪-০-১০-৩, নাসুম ৪-১-১৬-৩, নাওয়াজ ৪-০-২১-১, হাসান ৩-০-১৮-১, হোল্ডার ১-০-১১-০, মুশফিক ০.৫-০-৮-১)।

খুলনা টাইগার্স : ১০.২ ওভারে ৮৯/১ (মিরাজ ০, নাঈম ৪৮*, রস ২৯*; আকিফ ৩-০-২০-১, নাহিদ ৪-০-২১-০, শেখ মেহেদি ১-০-১৯-০, রাসেল ১-০-১৪-০, রাকিবুল ১.২-০-১৩-০)

ফল: খুলনা টাইগার্স ৯ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: নাসুম আহমেদ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ