মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

বোরকা পরায় সুইজারল্যান্ডে প্রথমবার জরিমানা, নতুন আইন কার্যকর

সুইজারল্যান্ডে জনসমক্ষে মুখ ঢেকে রাখা আইনত নিষেধ। এরই ধারাবাহিকতায় দেশটিতে বোরকা পরার জন্য কর্তৃপক্ষ প্রথমবারের মত এক নারীকে জরিমানা করেছে।

রুশ সংবাদমাধ্যম আরটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে জুরিখে। সুইস পুলিশের মুখপাত্র মাইকেল ওয়াকার এ তথ্য নিশ্চিত করেন।

ওয়াকার জানিয়েছেন, গোপনীয়তা আইনের কারণে তিনি ওই নারীর বয়স বা তার পোশাক সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারেননি। তবে তিনি নিশ্চিত করেছেন, ওই নারী কোনো পর্যটক নন, সুইজারল্যান্ডেরই বাসিন্দা।

ওয়াকার আরও জানান, জরিমানার ১০০ সুইস ফ্রাঁ (প্রায় ১১০ মার্কিন ডলার) দিতে অস্বীকৃতি জানিয়েছেন ওই নারী। ফলে মামলাটি এখন প্রাদেশিক গভর্নরের কার্যালয়ে পাঠানো হয়েছে।

২০২১ সালের গণভোটে ৫১.২ শতাংশ ভোটার বোরকা নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছিলেন। মূলত ‘উগ্র ইসলাম’ রোধের উদ্দেশ্যে দেশটির ডানপন্থী সুইস পিপলস পার্টি এই আইনের সপক্ষে প্রচারণা চালিয়েছিল। পরে এটি জননিরাপত্তা উন্নয়নের একটি উপায় হিসেবে পাস হয় এবং বিক্ষোভ ও খেলাধুলার ইভেন্টে মুখোশ পরার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যারা এই আইন লঙ্ঘন করবেন, তাদের প্রথমবার ১০০ ফ্রাঁ এবং আদালতে আপিল করা হলে ১ হাজার ফ্রাঁ পর্যন্ত জরিমানা হতে পারে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ