রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

পিএসএলে রান তাড়ার রেকর্ড গড়ে শিরোপা জিতল লাহোর কালান্দার্স

ট্রেন্ট ব্রিজ টেস্ট শেষে নটিংহ্যাম থেকে বার্মিংহাম পৌঁছে সারলেন ডিনার, দুবাইয়ে করলেন ব্রেকফাস্ট, আবুধাবিতে লাঞ্চ এরপর সন্ধ্যায় লাহোরে পৌঁছে পিএসএলের ফাইনালে রূপকথার গল্প লিখলেন সিকান্দার রাজা।

পিএসএলের ফাইনালে প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দেয়া রেকর্ড ২০২ রান তাড়ায় শেষ ওভারে লাহোর কালান্দার্সের প্রয়োজন ছিল ১৩ রানের। উইকেটে সেট দুই ব্যাটসম্যান কুসাল পেরেরা ও সিকান্দার রাজা। প্রথম তিন বলে আসে ৫ রান। চতুর্থ বল মোকাবেলায় রাজা। ফাহিম আশরাফের দেয়া লো ফুলটস বলটিকে ডিপ মিড উইকেটের উপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। পঞ্চম বলে বাউন্ডারি মেরে দিলেন বিজয়ের হুঙ্কার।

কুসাল পেরেরা ও সিকান্দার রাজার দুর্দান্ত জুটিতে শেষ ২০ বলে ৫৭ রানের কঠিন সমীকরণ মিলিয়ে রান তাড়ার রেকর্ড গড়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সেকে ছয় উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতল লাহোর কালান্দার্স।

টসের মিনিট দশেক আগে পাকিস্তানে পা রাখা রাজা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পৌছান টস হবার পর। ফাইনালে শেষ সময়ে পৌছানো রাজাই হয়ে উঠেন শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস জয়ের নায়ক। তবে, আরেকজনকে ভুলে গেলে চলবে না। মূল নায়ক তো কুসাল পেরেরা। ৪ ছক্কা ও ৫ চারে ৩১ বলে ৬২ রানের বিধ্বংসি ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে মাঠ ছাড়েন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান।

লাহোরের হয়ে শিরোপার স্বাদ পেলেন বাংলাদেশের সাকিব আল হাসান, মেহেদী মিরাজ ও রিশাদ হোসেন। তবে, মূল একাদশে জায়গা পান শুধু রিশাদ। এই লেগি ফাইনালে বোলিং করে পান এক উইকেট।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ