বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে দুই সহযোগীসহ তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ও হাতিরঝিলে পরিচালিত সাঁড়াশি অভিযানে ৪৬ স্বতন্ত্র ইনফেন্ট্রি ব্রিগেড তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, শীর্ষ সন্ত্রসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী, শীর্ষ সন্ত্রাসী আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ এবং দুই শ্যুটার আরাফাত ও শরীফ। এসময় তাদের কাছ থেকে ৫টি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি ও একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়।

কুষ্টিয়া সদরের সোঁনার বাংলা রোড থেকে ভোরে গ্রেপ্তার করা হয় দুই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শ্যুটার আসিফ ও গাড়িচালক শরীফকে।

সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সেভেন স্টার গ্রুপের মূল পরিকল্পনাকারী ও ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি ও নাশকতার মামলা রয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ