
বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন সাথীকে বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রাজধানীর গুলশান এলাকা থেকে রোববার তাকে গ্রেপ্তার করা হয় বলে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ।
ডিএমপি জানিয়েছে, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি। ওই মামলায় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ নম্বর আসামি। একই মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ২২ নম্বর এজাহারনামীয় আসামি এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। তবে সাথীকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
এদিকে, মামলার অপর আসামি তৌহিদ আফ্রিদি কোথায় আছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তারের বিষয়ে তার পরিবার কোন প্রতিক্রিয়া জানায়নি।


