
আলোচিত-সমালোচিত ইউটিউব ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।
বোরবার রাতে ঢাকার সিআইডির একটি বিশেষ টিম বরিশাল শহরের বাংলাবাজারে তার মামার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ১০টায় তৌহিদ আফ্রিদিকে সিআইডির বিশেষ টিম গ্রেপ্তার করে ঢাকার উদ্দেশে নিয়ে গেছে।
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। হত্যা মামলায় আফ্রিদি এজাহারনামীয় ১১ নম্বর আসামি।
মামলাটির প্রধান আসামি সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বর আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
গত ১৭ আগস্ট তৌহিদ আফ্রিদির পিতা বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি ওই হত্যা মামলার ২২ নম্বর আসামি। পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে তাঁকে।
এর আগে গত ১৭ আগস্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আল্টিমেটাম দিয়েছিল জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)।


