
বাংলাদেশের ওপেনার তানজিদ তামিমের ফিফটিতে আয়ারল্যান্ডের দেওয়া ১১৮ রানের লক্ষ্য ১৩.৪ ওভারে দুই উইকেট হারিয়ে ৮ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে হারা বাংলাদেশ শেষ দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল।
মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।
শুরুতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় আয়ারল্যান্ড। এরপর টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.৫ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান নেন ৩টি করে উইকেট।
ছোট লক্ষ্য তাড়ায় দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তবে ১৪ বলে ১৯ রান করে আউট হয়ে যান সাইফ। এরপর ক্রিজে এসে ৬ বলে ৭ রান করে দ্রুত সাজঘরে ফিরে যান অধিনায়ক লিটন দাস। এরপর পারভেজ ইমনকে সাথে নিয়ে ৩৮ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তামিম।


