
সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাবেক নির্বাহী সদস্য মো. খাইরুল ইসলাম, তার স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে ৪০ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক অনুসন্ধানে পরস্পরের যোগসাজশে প্রতারণা ও অর্থ পাচারের তথ্য পাওয়ায় বৃহস্পতিবার ঢাকার গুলশান থানায় মামলাটি করা হয়েছে।
অভিযুক্ত খায়রুল ইসলামের স্ত্রী ইসরাত জাহান মিমের নামে ‘মেঘমালা ইন্টারন্যাশনাল লিমিটেড’ এবং তাদের ছেলে মোরসালিন ইসলাম সৌরদ্বীপের নামে ‘মেঘমালা এস্টেট লিমিটেড’ নামে দুটি ‘কাগুজে নামসর্বস্ব কোম্পানি বানিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে’ ২০১২ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে ৪০ কোটি টাকা ঋণ নেওয়া হয়।
ঋণের অর্থের প্রকৃত উৎস ‘আড়াল করতে’ তা বিভিন্ন হিসাবে স্থানান্তর ও লেয়ারিং করা হয় বলেও অভিযোগ করেছে সিআইডি।
উল্লেখ্য, চাকরি জীবনে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস-১ এর দায়িত্বেও ছিলেন খাইরুল।


