
লেবাননে চলমান যুদ্ধবিরতির সাথে সংগতি রেখে ইরান শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এই গুরুত্বপূর্ণ জলপথটি উন্মুক্ত থাকবে। এর ফলে ৪৮ দিনের অচলাবস্থা শেষে পূর্ণ মাত্রায় খুলল হরমুজ প্রণালি।
আরাগচি জানিয়েছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ শর্তসাপেক্ষ। ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর হুমকি না থাকলে প্রণালীটি খোলা থাকবে। জাহাজগুলোকে ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা কর্তৃক ঘোষিত সমন্বিত রুট বা নির্ধারিত পথ ব্যবহার করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের পর ইরান এই গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত অবরুদ্ধ করে রেখেছিল, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে গিয়েছিল। এই ঘোষণায় বিশ্ববাজারে স্বস্তি ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।


