বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে কিউদের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৫৫ রানের জয়ে তৃতীয় ও শেষ ওয়ানডে জিতল বাংলাদেশ। এর ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো টাইগাররা।

বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম।

আগে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা। তবে শান্ত এবং লিটনের জুটিতে ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ওয়ানডে ক্যারিয়ারে এই ম্যাচে চতুর্থবারের মতো শতকের দেখা পেলেন শান্ত। লিটন থামেন ৭৬ রান করে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে টাইগাররা।

২৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় কিউরা। এরপর ইয়োং ১৩ ও টম ল্যাথাম ৫ রানে আউট হলে চাপে পড়ে যায় সফরকারীরা। মোহাম্মদ আব্বাসকে সাথে নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন কেলি। তুলে নেন ফিফটি। যখন ভয়ঙ্কর হয়ে উঠছিলেন তখন তাকে আউট করেন মোস্তাফিজ।

এরপর একপ্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যান ডিন ফক্সক্রফট। মারমুখী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। তবে শেষ ব্যাটার হিসেবে ৭২ বলে ৭৫ রান করে আউট হন ফক্সক্রফট। এতে ৪৪ ওভার ৫ বলে ২১০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। আর ম্যান অব দ্য সিরিজ হয়েছেন বাংলাদেশের বাহাতি পেসার নাহিদ রানা।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ