
মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি বর্তমানে সরকার পরিচালনা করছে। এই সময়ে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ বিএনপি পূরণ করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী।
সোমবার যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তখন তিনি এসএসসি পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। এরপর যখন আবার ক্ষমতায় এসেছিলেন তখন এইচএসসি পর্যন্ত ফ্রি করে দিয়েছিলন। সেজন্যই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করে দেওয়ার।


