
রেজা সাহেব বাজার থেকে আম, লিচু, জাম ও কাঁঠাল কিনে বাসায় ফিরেছেন। পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার হিসেবে ফল খাওয়ার পরিকল্পনাও করেছেন। তবে একটি বিষয় তাঁকে ভাবাচ্ছে—ফলগুলোতে ফরমালিন বা অন্য কোনো ক্ষতিকর রাসায়নিক আছে কি না। থাকলে সেগুলো নিরাপদভাবে দূর করবেন কীভাবে, তা নিয়েই তাঁর উদ্বেগ।
বর্তমানে বাজারে আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা ধরনের মৌসুমি ফলের সমারোহ। শরীর সুস্থ রাখা ও প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত ফল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে অনেকেই ফল কেনার পর সেগুলোতে ফরমালিন বা অন্যান্য ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন থাকেন।
‘নিউজ এইট্টিন’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফল দীর্ঘদিন তাজা রাখতে অনেক বিক্রেতা ফরমালিনসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে থাকেন। এসব রাসায়নিক শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।
ফরমালিন দূর করার কার্যকর উপায়
ভিনেগার-পানির মিশ্রণ
- একটি পাত্রে পানি ও ভিনেগার মিশিয়ে ফল ১৫ মিনিট ভিজিয়ে রাখুন।
- গবেষণায় দেখা গেছে, এ পদ্ধতিতে প্রায় ১০০ শতাংশ ফরমালিন দূর করা সম্ভব।
লবণ পানি ব্যবহার
- ভিনেগার না থাকলে লবণ মেশানো পানিতে ফল ১০ মিনিট ভিজিয়ে রাখুন।
- এতেও ফরমালিনের উল্লেখযোগ্য অংশ দূর হয়।
পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখা
- অন্য কোনো উপায় না থাকলে ফল পরিষ্কার পানিতে প্রায় ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
- এতে ফরমালিনের পরিমাণ প্রায় ৬১ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ
- ফল খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিন।
- ভিজিয়ে রাখার পর আবার পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়া ভালো।
- সচেতনভাবে ফল পরিষ্কার করলে ক্ষতিকর রাসায়নিকের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।


