
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী রোবেনা রেজা জুঁইকে ভারতের কলকাতায় হেনস্থার অভিযোগ উঠেছে সেখানে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
সোমবার রাত ১০টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকায় স্ত্রীকে সাথে নিয়ে কস্তরি হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় বেশকিছু আওয়ামী লীগের সমর্থকরা তাকে নিয়ে কটুক্তি করেন এবং উস্কানিমূলক স্লোগান দিতে থাকেন। এসময় আওয়ামী লীগের কিছু লোক মোশাররফ করিমকে লাল বদর বলে গালিগালাজ করতে থাকে এবং তার দিকে তেড়ে যায়। একপর্যায়ে মোশাররফ করিমের সাথে বিষয়টি হাতাহাতির অবস্থায় চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন এসে মোশাররফ করিমকে সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যান।
এদিকে মোশাররফ করিম গণমাধ্যমকে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেমনটা ছড়িয়েছে তেমন কিছুই ঘটেনি। ভক্তদের গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানান এই গুণী অভিনেতা।


