প্রধানমন্ত্রীকে ঘিরে বক্তব্য, হট্টগোলে উত্তপ্ত জাতীয় সংসদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিরোধীদলীয় জোট এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে রোববার (২১ জুন) জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সরকার ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্যে অধিবেশনজুড়ে হট্টগোল দেখা দেয়।

বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে হান্নান মাসউদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বিভিন্ন বক্তব্যে অসত্য তথ্য তুলে ধরে ঋণখেলাপিদের উৎসাহিত করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দল সম্পর্কেও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন।

এর প্রতিবাদে বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার দাবি জানান। পরে স্থানীয় সরকার উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই দাবি সমর্থন করেন।

অন্যদিকে, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীসহ যে কোনো ব্যক্তির বক্তব্যের সমালোচনা করার অধিকার বিরোধী দলের রয়েছে। তিনি দাবি করেন, কোন বক্তব্যটি অসত্য—তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা উচিত।

বিতর্কের একপর্যায়ে হান্নান মাসউদ বারবার দাঁড়িয়ে কথা বলতে চাইলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে সতর্ক করে বলেন, “এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। অনুগ্রহ করে আসনে বসুন।”

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিষয়টি নিয়ে আর বিতর্ক না বাড়ানোর আহ্বান জানান। ডেপুটি স্পিকার জানান, বিষয়টি বিধি অনুযায়ী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ