
একযোগে পদত্যাগ করেছেন ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল। পদত্যাগকারী আইন কর্মকর্তাদের একটি বড় অংশ জামায়াতপন্থি হিসেবে পরিচিত বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
মঙ্গলবার তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। তাদের অভিযোগ, বিচার বিভাগ ও আইন অঙ্গনের সংস্কার সংক্রান্ত যেসব প্রত্যাশা ছিল, সরকার সেগুলো বাস্তবায়নে অগ্রগতি দেখাতে পারেনি।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম। পরে সংবাদ সম্মেলনে পদত্যাগকারী আইন কর্মকর্তারা জানান, সরকারের কিছু সিদ্ধান্ত ও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।
এছাড়া পদত্যাগ করা সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।
সংবাদ সম্মেলনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী বলেন, সরকার ঘোষিত জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তবে এ বিষয়ে সরকার বা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


