স্টেডিয়াম বুকিং, রাস্তা বন্ধ! নিউইয়র্কে বসছে টেলর-ট্রাভিসের রাজকীয় বিয়ের আসর

বিশ্বের অন্যতম আলোচিত তারকা জুটি পপ সুপারস্টার টেলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ে কি তাহলে আর কয়েক দিনের অপেক্ষা? নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনকে ঘিরে তৈরি হওয়া একের পর এক সূত্র এখন সেই জল্পনাকেই আরও উসকে দিচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন এবং এর আশপাশের সড়ক ২ জুলাই থেকে ৪ জুলাই দুপুর পর্যন্ত ব্যবহারের জন্য বিশেষ অনুমতি চাওয়া হয়েছে। এ সময় সেখানে একটি বড় আকারের ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে।

রয়টার্স, সিবিএস নিউজ, এনবিসি নিউইয়র্ক এবং পিপল ম্যাগাজিনের প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে। নগর কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া আবেদনে ৫০০ থেকে ৯৯৯ জন অতিথির উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে স্টেডিয়ামের বাইরে একটি বিশেষ তাঁবু বা অস্থায়ী কাঠামো নির্মাণের অনুমতিও চাওয়া হয়েছে।

নিউইয়র্ক সিটি হলের মুখপাত্র ডোরা পেকেচ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে রাস্তা বন্ধের অনুমতি আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি অনুষ্ঠানের প্রকৃতি বা আয়োজকদের পরিচয় প্রকাশ করেননি।

নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ২ জুলাই ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে ছোট পরিসরে একটি অনুষ্ঠান হতে পারে। পরদিন ৩ জুলাই প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে বড় পরিসরের উদযাপনের পরিকল্পনা রয়েছে। সেখানে সংগীত পরিবেশনসহ বিশেষ আয়োজনও থাকতে পারে।

এরই মধ্যে ট্রাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের কয়েকজন খেলোয়াড় টাইমস স্কয়ারের ম্যারিয়ট মারকুইস হোটেলে কক্ষ বুক করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি অ্যামট্রাক পুলিশকেও সম্ভাব্য এই আয়োজন সম্পর্কে সতর্ক করা হয়েছে বলে জানা গেছে।

জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। সম্প্রতি বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের প্রসঙ্গ টেনে তিনি টেলর সুইফটের বিয়ের কথাও উল্লেখ করেন। যদিও পরে তিনি জানান, তিনি বিয়েতে আমন্ত্রিত নন এবং শুধু নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— এখন পর্যন্ত টেলর সুইফট কিংবা ট্রাভিস কেলসি কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ বা ভেন্যু নিশ্চিত করেননি। তাদের প্রতিনিধিরাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

গত বছরের আগস্টে বাগদানের ঘোষণা দেন বিশ্বের সবচেয়ে সফল সংগীতশিল্পীদের একজন টেলর সুইফট এবং তিনবারের সুপার বোলজয়ী ট্রাভিস কেলসি। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে।

যদি শেষ পর্যন্ত ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই এই বিয়ে অনুষ্ঠিত হয়, তবে এটি শুধু ২০২৬ সালের সবচেয়ে আলোচিত তারকাবিয়েই নয়, সাম্প্রতিক সময়ের অন্যতম বড় বিনোদন আয়োজন হিসেবেও ইতিহাসে জায়গা করে নিতে পারে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ