
পর্দায় জয়া আহসানের উপস্থিতি মানেই ভিন্নধর্মী চরিত্র আর অভিনয়ের অনন্য প্রকাশ। ঢালিউড, টলিউড থেকে বলিউড—সব জায়গাতেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই জনপ্রিয় গুণী অভিনেত্রী। এবার প্রকাশ পেয়েছে তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলারটি শেয়ার করেন জয়া আহসান। একই সঙ্গে জীবন ও সম্পর্কের জটিলতা নিয়ে একটি আবেগঘন বার্তাও দেন তিনি।

জয়া লেখেন, “জীবন কোনোদিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।”
সম্পর্কের নানা দিক তুলে ধরে তিনি আরও বলেন, “এই অনন্ত খোঁজের খেলায় কোনও প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়। এরকমই সামনে চলার কঠিন একটা দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।”
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ সম্পর্কের টানাপোড়েন, ভাঙন, ভালোবাসা, অভিমান ও ক্ষমার এক সংবেদনশীল গল্প হিসেবে দর্শকপ্রিয়তা পায়। সেই গল্পেরই নতুন অধ্যায় নিয়ে আসছে ‘আজও অর্ধাঙ্গিনী’।
নতুন সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেন, “অর্ধাঙ্গিনী ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের।”

গুণী নির্মাতা কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত এ সিনেমায় জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলী ও কৌশিক সেনের পাশাপাশি নতুনভাবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্য।
এখন দেখার বিষয়, প্রথম কিস্তির মতো সম্পর্কের গভীর ও আবেগঘন এই গল্প দর্শকদের হৃদয়ে কতটা নাড়া দিতে পারে।


