
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে এসব কর্মসূচি পালন করা হয়।
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সকাল থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে একদল শিক্ষার্থী ঢাকা কলেজের সামনে এবং আরেক দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে যান। বেলা সোয়া ১টার দিকে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে তারা নীলক্ষেত-টিএসসিগামী সড়কে অবস্থান নেন।
অবরোধে অংশ নেয় ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি কলেজের শিক্ষার্থীরা।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’ এবং ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, পদার্থবিজ্ঞান পরীক্ষার আটটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নে ভুল ছিল এবং বাকি প্রশ্নগুলোও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো কঠিন করা হয়েছে। এতে অনেক পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এক শিক্ষার্থী বলেন, ‘আমরা যদি এসব ভুল ও কঠিন প্রশ্নের কারণে ফেল করি, এর দায় কি শিক্ষামন্ত্রী নেবেন?’
আরেক শিক্ষার্থী বলেন, বৈরী আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কেউ রাস্তায় পড়ে গেছেন, কারও অ্যাডমিট কার্ড ভিজে নষ্ট হয়ে গেছে। শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনা না করেই পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কও সকাল থেকে অবরোধ করেন শিক্ষার্থীরা। উত্তরা ট্রাফিক বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শুধু রাজধানীতেই নয়, বগুড়া ও বরিশালেও একই দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
বগুড়ায় বেলা ১১টার দিকে সাতমাথা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ করে তারা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণ দাবি করেন। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
অন্যদিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। দুপুর সোয়া ১২টা থেকে শুরু হওয়া এ অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল।


