
ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাবার সময়, ভাইস প্রেসিডেন্ট পদে জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন। ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর ৩৯ বছর বয়সী ভ্যান্স রিপাবলিকান দলের তৃণমূল সমর্থকদের কাছে পরিচিত নাম হলেও অনেকের মনোযোগ আকর্ষণ করেন তার স্ত্রী উষা চুলুকুরি ভ্যান্স।
নির্বাচনে ট্রাম্প-ভ্যান্স জয়ী হওয়ার ফলে, ৩৮ বছর বয়সী উষা ভ্যান্স হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি। সোমবার (২০ জানুয়ারি) জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর উষা ভ্যান্স আনুষ্ঠানিকভাবে সেকেন্ড লেডি হিসেবে তার স্থান গ্রহণ করলেন।
দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় বংশোদ্ভূত মা-বাবার সন্তান উষা চিলুকুরির জন্ম যুক্তরাষ্ট্রে ১৯৮৬ সালের ৬ জানুয়ারি, ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ডিয়েগো শহরে। তার তেলুগুভাষী বাবা এবং মা ভারতের অন্ধ্র প্রদেশের চিলাকালুরিপেতা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।
উষা চিলুকুরির বাবা ক্রিশ সান ডিয়েগো বিশ্ববিদ্যালয়ের এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন শিক্ষক এবং তার মা লাক্সমি, একজন মেরিন মোলকিউলার বায়োলজিস্ট, বর্তমানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর সিক্সথ কলেজের প্রভোস্ট।
উষার অ্যাকাডেমিক সাফল্য তার বাবা-মার চেয়ে কম নয়। উষা ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম ইয়েল ইউনিভারসিটি থেকে ইতিহাসে ব্যাচেলর’স ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ব্রিটেনের শীর্ষ স্থানীয় বিদ্যাপীঠ কেমব্রিজ ইউনিভারসিটি থেকে আধুনিক যুগের শুরুর দিকের ইতিহাসে এমফিল ডিগ্রি অর্জন করেন। তবে তিনি সেখানেই থেমে যাননি। এরপর তিনি নজর দেন আইন পেশায় ক্যারিয়ার গড়ে তোলার দিকে।
ইয়েল বিশ্ববিদ্যালয়ে থেকে ২০১৩ সালে ডক্টর অফ ল’ ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া, তিনি চীনের গুয়াংজুর সান ইয়াত সেন বিশ্ববিদ্যালয়ে ইয়েল-চীন টিচিং ফেলও হিসেবে আমেরিকান ইতিহাস পড়ান।
ইয়েল ল’ স্কুলে পড়াশোনার সময়ই উষার পরিচয় হয় জেডি ভ্যান্সের সঙ্গে। পরের বছর, অর্থাৎ ২০১৪ সালে তাদের বিয়ে হয়। তাদের তিনটি সন্তান রয়েছে।


