
অভিজ্ঞ ন্যাথান লায়ন ও প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নামা ম্যাথু কুনেমানের কাছে কুপোকাত হলো স্বগতিক লঙ্কানরা। দুই স্পিনারের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। স্বাগতিকদের গুঁড়িয়ে রেকর্ড গড়া জয় তুলে নিল সফরকারী অস্ট্রেলিয়া।
গলে প্রথম টেস্টে শনিবার অস্ট্রেলিয়ার জয় ইনিংস ও ২৪২ রানে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এটিই তাদের সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল ২০১২ সালে মেলবোর্নে, ইনিংস ও ২০১ রানে।
এশিয়ায়ও এটি অস্ট্রেলিয়ার জয়ের রেকর্ড। ১৯৯৮ সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে ইনিংস ও ২১৯ রানে জিতেছিল অসিরা।
এর চেয়ে বড় হার সাদা পোশাকে নেই শ্রীলঙ্কার। আগেরটি ছিল ২০১৭ সালে ভারতের বিপক্ষে নাগপুরে, ইনিংস ও ২৩৯ রানে।
ম্যাচ থেকে প্রথম ইনিংসেই ছিটকে পড়ে লঙ্কানরা। ৫ উইকেটে ১৩৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে স্রেফ ১৬৫ রানে গুটিয়ে যায় তারা। মাত্র ৯ রানে হারায় শেষ ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা করে ২৪৭ রান।
একই মাঠে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৬৫৪/৬ ডিক্লে.
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫২.২ ওভারে ১৬৫ (আগের দিন ১৩৬/৫) (চান্দিমাল ৭২, মেন্ডিস ২১, জায়াসুরিয়া ০, ভ্যান্ডারসে ৪, পেইরিস ৫, আসিথা ০*; স্টার্ক ৮-১-১৩-২, কুনেমান ১৮.২-৩-৬৩-৫, লায়ন ২০-৩-৫৭-৩, মার্ফি ৬-১-২৬-০)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (ফলো অন) ৫৪.৩ ওভারে ২৪৭ (ওশাদা ৬, কারুনারাত্নে ০, চান্দিমাল ৩১, ম্যাথিউস ৪১, কামিন্দু ৩২, ধানাঞ্জায়া ৩৯, মেন্ডিস ৩৪, জায়াসুরিয়া ১, ভ্যান্ডারসে ৫৩, পেইরিস ০, আসিথা ৬*; স্টার্ক ৫-১-১৪-১, মার্ফি ১১-০-৫৭-১, কুনেমান ১৭.৩-২-৮৬-৪, লায়ন ১৯-৪-৭৮-৪, হেড ২-০-৮-০)
ফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ২৪২ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: উসমান খাওয়াজা
সিরিজ: ২ টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে অস্ট্রেলিয়া


