
তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। একইসঙ্গে ৭ কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি। এ অবস্থায় শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কঠোরভাবে পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২ ফেব্রুয়ারি) কলেজটির শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে এ কর্মসূচি জানানো হয়েছে। সংগঠনটির ফেসবুক পেজে ঘোষণা দেয়া হয়েছে, ‘এখন মানে এখনই ব্যারিকেড। সবাই তাহবান্দে আসুন’, ‘দাবি আদায়ের এক পথ, রাজপথ রাজপথ’, ‘সবাই আমতলী মুভ করেন, সড়ক ও রেল অবরোধ হবে’, ‘কাল নয় আজই ব্যারিকেড হবে, এখন মানে এখনই। সবাই দ্রুত চলে আসুন’।
শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখান করে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আপনাদের (সরকারের) খামখেয়ালি আমাদের রাজপথে আন্দোলনে নামতে বাধ্য করেছে। আন্দোলনের ফলে সৃষ্টি হওয়া জনদুর্ভোগের জন্য সরকার দায়ী।


