
যেসব বাংলাদেশি নাগরিকের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকার পরও যারা দীর্ঘদিন ট্যাক্স রিটার্ন দাখিল করেননি, তাদের নোটিস পাঠানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘নীতি সম্মেলনে’ তিনি বলেন, “আমরা কাজ শুরু করেছি। আপনারা এটা টের পাবেন যখন আপনাদের বন্ধু-বান্ধব ট্যাক্স রিটার্ন না দেয়ার নোটিস পাবে।
“দীর্ঘদিন ধরে উনার টিআইএন আছে, উনি জীবিত আছেন, উনার ব্যবসা-বাণিজ্য আছে, অথচ উনি রিটার্ন দেন না; আমরা এই জায়গাটায় হাত দিচ্ছি।”
এনবিআর চেয়ারম্যান বলেন, “আমার ট্যাক্স নেট যত বড় হওয়ার কথা ছিল, ততটা বড় নয়। বিশেষ করে আয়কর; ধনীদের ট্যাক্স দেওয়ার কথা; কিন্তু আমাদের কোষাগার এখনও গরিবের টাকায় পূর্ণ হচ্ছে।”
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
এতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব (রপ্তানি) আবদুর রহিম খান বক্তব্য রাখেন।


