
দেশে সংস্কার প্রস্তাবের আলাপ-আলোচনা যত বেশি দীর্ঘায়িত হবে দেশ ততবেশি সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকি তাহলে যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ, দল-মত নির্বিশেষে, শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, সেই স্বৈরাচার সুযোগ পাবে আবারো দেশের মানুষের কাঁধে চেপে বসার।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, কাজেই যে সব বিজ্ঞ সমন্বিত ব্যক্তি যারা সংস্কারের কথা বলছেন আপনাদের সবার কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার সংস্কার বক্তব্য রেখে এ আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না। কারণ, আপনারা সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ ততবেশি সংকটের মুখে পড়বে, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। নির্বাচন ছাড়া কোনো ভিন্ন পথ নেই।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালায় বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন বক্তব্য রাখেন।


