
সরকারি তিতুমীর কলেজের শিক্ষাথীরা বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে চলমান আন্দোলন সাত দিনের জন্য স্থগিত করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে লায়েক নুর মোহাম্মদ সোমবার রাতে এ ঘোষণা দেন।
এর আগে রাত পৌনে ১০টার দিকে মহাখালী রেল ক্রসিং এলাকায় যান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান। তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এর আগে শিক্ষার্থী প্রতিনিধি, কলেজ কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হবে জানিয়ে লায়েক নুর মোহাম্মদ বলেন, এ কমিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম ও কলেজ পরিচালনা করবে। এ সিদ্ধান্তের সঙ্গে সবাই একমত- প্রশ্ন করে সবার মতামত চান তিনি। পরে শিক্ষার্থীরা ‘হ্যাঁ’ বলে সাড়া দেন। এরপর অনশনরত শিক্ষার্থীদের জুস খাইয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।


