
যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন। এ সময় ফারজানা রুপা বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট।’
যাত্রাবাড়ী থানার দুটি হত্যা মামলায় শুনানির জন্য সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
শুনানির এক পর্যায়ে ফারজানা রুপা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান। আদালতের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মামলা তো ডজনখানেক গড়াচ্ছে। আমি একজন সাংবাদিক। আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলাই যথেষ্ট।’
এ সময় বিচারক বলেন, ‘এখানে শ্যোন অ্যারেস্টের গ্রেপ্তার দেখানোর শুনানি হচ্ছে, জামিনের শুনানি হচ্ছে না।’
পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম যাত্রবাড়ির হত্যা মামলায় গ্রেপ্তার দেখান। এ সময় কাঠগড়ায় থাকা অবস্থায় শাকিল ও ফারজানা একে অপরের সঙ্গে আলাপ করেন।


