
দুইটি শর্তে তিস্তা মহাপরিকল্পনার ফিজিবিলিটি স্টাডির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। শর্ত দুইটি হচ্ছে পাওয়ার চায়না তিস্তা পাড়ের মানুষকে তাদের কর্মপরিকল্পনার কথা বলবে এবং বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার রাজধানীর পানি ভবন সম্মেলন কক্ষে ’বিশ্ব পানি দিবস-২০২৫’ উপলক্ষে পানি সম্পদ মন্ত্রনালয় আয়োজিত আলোচনা সভায় উপদেষ্টা এ তথ্য জানান।
রিজওয়ানা বলেন, এরইমধ্যে তিস্তা পাড়ের পাঁচ জেলায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনার জন্য চিন থেকে একটি প্রতিনিধি দল আসবে। সবার সম্মতি নিয়েই সদ্ধিান্ত নেওয়া হবে।
উপদেষ্টা আরো বলেন, তিস্তা পাড়ের বেশী ভাঙ্গন প্রবণ ৪৩ কিলোমিটার এলাকার তীর রক্ষা বাঁধের জন্য অর্থমন্ত্রনালয় ২৪৩ কোটি টাকা অনুমোদন করেছে। প্রথমে বেশী ভাঙ্গন প্রবণ ২০ কিলোমিটার এলাকার তীর রক্ষা বাঁধের কাজ করা হবে। পর্যায়ক্রমে বাকি কাজ এগিয়ে নেয়া হবে।
আগামী ১৪ এপ্রিল নদীগুলোর স্থানীয় নামসহ বাংলাদেশের নদ-নদীগুলোর একটি সম্পূর্ন তালিকা প্রকাশ করবে মন্ত্রনালয়।


