
শেখ হাসিনা সরকারের সংবিধান বহাল রাখায় বর্তমান সরকারকে বৈধ মনে করেন না কবি ও তাত্ত্বিক ফরহাদ মজহার। তার মতে গণঅভুত্থানের পরও হাসিনার ফ্যাসিস্ট সরকারের সংবিধান বহাল থাকার সুযোগ নেই। যেহেতু বর্তমান সরকার সংবিধান বহাল রেখেছে তাই তারা অবৈধ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ইমাজিনেক্সট ফাউন্ডেশন আয়োজিত, ‘জাতীয় সাংস্কৃতি: প্রেক্ষিতে নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন ফরহাদ মজহার।
’নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইমাজিনেক্সট ফাউন্ডেশনের মুখপাত্র ও নির্বাহী সদস্য মুহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে ধারণাপত্র পাঠ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ফিরোজ।
ফরহাদ মজহার বলেন, জাতিবাদের একটি রূপ হচ্ছে বাঙ্গালি জাতিবাদ, যার ইতিহাস হচ্ছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি ও ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে গণঅভুত্থান হয়েছে। সাংস্কিৃতিকভাবে ফ্যাসিবাদ বিরোধিতাই বাঙ্গালির সংস্কৃতির মূল চরিত্র।


