
ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিকে কর ফাঁকির অভিযোগে এক বছরের কারাদন্ড দিয়েছে স্পেনের একটি আদালত। পাশাপাশি প্রায় চার লাখ ইউরো জরিমানা করা হয়েছে।
২০১৪-১৫ মৌসুমে ইতালিয়ান এই কোচ রিয়াল মাদ্রিদ থাকাকালীন ইমেজ স্বত্ত ও অন্যান্য উৎস থেকে ১০ লাখ ইউরো আয় করেছিলেন যা তিনি স্পেনের কর বিভাগকে জানাননি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আনচেলত্তি ২০১৪ সালের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এক বছরের কারাদন্ড এবং ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানা করেছে দেশটির আদালত। তবে, ২০১৫ সালে অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।
তবে, স্পেনের আইন অনুযায়ী কোন অপরাধী যদি দুই বছরের নিচে কারাদন্ডে দন্ডিত হন যা হিংসাত্মক নয় এবং আগে কখনো দন্ডিত হননি তবে তাদের জেলে যেতে হয়না। ফলে কার্লো আনচেলত্তিকে কারাভোগ করতে হবে না। তাই কর ফাঁকির মামলায় আপাতত শুধু জরিমানা দিলেই হবে।


