
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়েছে দেশজুড়ে।
সোমবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাষ্ট্রীয় শোক পালনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একটি বিদ্যালয়ে পতিত হওয়ার ফলে কোমলমতি শিশুসহ অনেক মানুষের মর্মান্তি মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত। এই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
এ উপলক্ষে মঙ্গলবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর সাথে সাথে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটিতে বহু স্কুল শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছেন।


