
বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বিএফআইইউ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে বুধবার দেশের সব ব্যাংকে চিঠি দিয়ে তাঁদের ব্যাংক হিসাবে অর্থ লেনদেন, হিসাব খোলার ফরমসহ যাবতীয় সব তথ্য চেয়েছে বিএফআইইউ।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের তথ্য চাওয়া হয়েছে। গত আওয়ামী লীগ আমলে দেড় দশক এই তিনজন গভর্নরের দায়িত্ব পালন করেন।
এ ছাড়া সাবেক যে ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তারা হলেন- দুদকের মামলায় জেলে থাকা এস কে সুর চৌধুরী, সাবেক বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস, সাবেক বিএফআইইউ প্রধান আবু হেনা মো. রাজী হাসান, সাবেক ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, কাজী সাইদুর রহমান এবং আবু ফরাহ মো. নাছের।


