
ফিফা বিশ্বকাপ, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা। সারা বিশ্বের ফুটবল প্রেমিরা অপেক্ষায় থাকেন চার বছর পরপর অনুষ্ঠিত এই প্রতিযোগীতা দেখার জন্য। ভাগ্যবানরা সরাসরি মাঠে বসে খেলা দেখেন আর বাকিরা টিভিতে।
চার বছর পরপর অনুষ্ঠিত এই মহারণ সম্পন্ন করতে ফিফার প্রয়োজন হয় প্রচুর কর্মীর। আর এর বড় একটি অংশ আসে স্বেচ্ছাসেবী থেকে। ২০২৬ সালে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো। আসন্ন এ আসরের জন্য স্বেচ্ছাসেবী আহ্বান করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এবারের বিশ্বকাপে বিশ্বের নানা প্রান্ত থেকে ৬৫ হাজার স্বেচ্ছাসেবী নেবে ফিফা। চাইলে আপনিও হতে পারেন একজন স্বেচ্ছাসেবী। স্বেচ্ছাসেবীরা বিমানবন্দর, স্টেডিয়াম, প্রশিক্ষণকেন্দ্র, হোটেলসহ ২৩ ধরনের সেবা দিবে ১৬টি শহরে। আগ্রহী হলে আপনিও আবেদন করতে পারেন।
প্রয়োজন নেই কোন পূর্ব অভিজ্ঞতার। বয়স শুধু ১৮ পার হলেই হবে। জানতে হবে ইংরেজি ভাষা। এর পাশাপাশি কানাডার জন্য ফরাসি ভাষা ও মেক্সিকোর জন্য স্প্যানিস ভাষার দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের সময়সীমা চলতি মাস আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত স্বেচ্ছাসেবীরা বিশ্বকাপে সেবা প্রদান করবে। আপনি আগ্রহী হলে আবেদন করতে পারেন এই লিংকে: fifaworldcup.com/volunteers


