
ব্যক্তিগত সফরে গিয়ে রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
শ্রীলঙ্কা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে, বিক্রমাসিংহকে গ্রেপ্তারের পর রাজধানী কলম্বোর একটি মেজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধে অভিযোগ তিনি ২০২৩ সালে কিউবায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলন থেকে ফেরার পথে যুক্তরাজ্যে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন। সেই সফরে তিনি ও তার স্ত্রী ওলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশ নেন।
পুলিশের দাবি এটি ছিল বিক্রমাসিংহের ব্যক্তিগত সফর। যার সম্পূর্ন ব্যয় রাষ্ট্র বহন করেছে। তবে, বিক্রমাসিংহে বরাবরই এই অভিযোগ নাকচ করে দিয়েছেন।
বিবিসি জানিয়েছে, রনিল বিক্রমাসিংহ প্রেসিডেন্ট থাকা অবস্থায় মোট ২৩টি দেশ সফর করেন। এ সময় রাষ্ট্রের খরচ হয় ২০ লাখ মার্কিন ডলার।


