
“আমি নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। শুধু গায়েবি মামলার ঝড়ে বিধ্বস্ত। আল্লাহর পর বিচার নিষ্পত্তির দায়িত্ব আপনার।” আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যানের উদ্দেশে এসব কথা বলেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
রোববার জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ।
এদিন বেলা সাড়ে ১১টায় ইনুকে আদালতে তোলা হয়। এরপর তার উপস্থিতিতে প্রসিকিউসনের আনা অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল।
এরপর ইনুর উদ্দেশে ট্রাইব্যুনাল বলেন, “আপনার বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে। আপনি ‘গিল্টি প্লিড’ (দোষ স্বীকার) করলে আমাদের কাজ শেষ হয়ে যায়, নয়তো আমরা বিচার শুরু করব।”
তখন ইনু বলেন, “আমি মনে করি আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি। আপনি ন্যায়বিচার করবেন, আমি সম্পূর্ণ নির্দোষ।”
গত বছরের ২৬ অক্টোবর রাজধানী উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি।


