
আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচনে লড়বেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে বগুড়া-৬ থেকে নির্বাচনে অংশ নেবেন।
সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণার সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
মির্জা ফখরুল আরো বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছে দেশের জনগন। সেই হিসেবে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হলো। আর অন্যান্য আসন যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সাথে সমন্বয় করা হবে।
এ ছাড়া ঠাকুরগাঁও-১ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা-১৪ থেকে মায়ের ডাক সংগঠনের সানজিদা তুলি নির্বাচন করবেন।
ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসন থেকে নির্বাচন করবেন খন্দকার আবু আশফাক। ঢাকা-২ থেকে আমানউল্লাহ আমান। গয়েস্বর চন্দ্র রায় নির্বাচন করবেন ঢাকা-৩ আসনে। ঢাকা-৬ থেকে ইসরাক হোসেন। মির্জা আব্বাস ঢাকা-৮ থেকে ধানের শীষের হয়ে লড়বেন।


