
পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে ইতালি গেছে পোষা বিড়াল ‘ক্যান্ডি’। কাতার এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বিড়ালটি ইতালির উদ্দেশে উড়াল দেয় বুধবার রাত সোয়া তিনটায়।
৬ কেজি ওজনের ক্যান্ডিকে ইতালি নেওয়ার জন্য খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। বিশেষ খাঁচা, বিমানের টিকিট, সরকারি অনুমতি, পাসপোর্ট এমনকি ট্রানজিট বিমানবন্দরের অনুমতি নিতে হয়েছে আলাদা করে। নিয়ম অনুযায়ী বিমানের হাতব্যাগের মতোই একটি ছোট বক্সে করে বিড়ালটিকে ইতালি নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।
মুন্সিগঞ্জ শহরের মানিকপুরের রিক্তা বেগম অনলাইন থেকে বিড়ালটিকে কেনেন ২০২১ সালে। এরপর থেকে বিড়ালটি তার পরিবারের সদস্য হয়ে যায়। রিক্তার স্বামী আব্দুল হাইয়ের কর্মস্থল ইতালির রোমে। এখন সেখানে পাড়ি জমিয়েছেন পরিবারের সবাই। তাই প্রিয় ক্যান্ডিকে ফেলে যাওয়া কোনভাবেই সম্ভব হয়নি তাদের পক্ষে।


