
ক্যাম্প ন্যুতে একের পর এক আক্রমন করে গেছে বার্সেলোনা। কিন্তু গোল পাচ্ছিলো না। ধারার বিপরীতে উল্টো গোল করে বসে আতলেতিকো। কিন্তু আতলেতিকো বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের দারুণ জয় তুলে নেয় বার্সেলোনা।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। কিন্তু প্রথমার্ধের ১৯ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে হ্যান্সি ফ্লিকের দল। হাই-লানের চরম মূল্য দিয়ে গোলটি খায় বার্সেলোনা। অফসাইডের ফাঁদ এড়িয়ে গোলরক্ষককে পরাস্ত করে গোল করে বসেন আতলেতিকোর বায়েনা। গোল শোধ করতে অবশ্য বেশি সময় নেয়নি বার্সেলোনা। ৭ মিনিট পর পেদ্রির অসাধারণ পাস থেকে দলকে সমতায় ফেরান রাফিনিয়া।
বিরতির পর ৬৫ মিনিটে লেভার পাস থেকে বল জালে জড়ান দানি ওলমো। যোগ করা সময়ের ৭ মিনিটের মাথায় গোল করে আতলেতিকোর হার নিশ্চিত করেন ফেরান তোরেস। এ জয়ে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রইলো বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৩।


