
রাজধানীর মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের একটি আবাসিক ভবনের সপ্তম তলার ফ্ল্যাট থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন লায়লা আফরোজ (৪৮) ও নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)।
সোমবার দুপুরে মোহাম্মদপুর বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়। নাফিসা নাওয়াল বিনতে আজিজের পিতা এ জেড আজিজুল ইসলাম পলাশ পেশায় একজন শিক্ষক।
পারিবারিক সূত্রে জানাযায়, এ জেড আজিজুল ইসলাম সকালে স্কুলে গিয়েছিলেন। স্কুল শেষে তিনি সাড়ে ১১টায় বাসায় আসেন। বাইরে থেকে দরজা খুলে বাসায় প্রবেশ করে পুরো বাসা রক্তাক্ত অবস্থায় দেখতে পান। প্রথমে মেয়ের রক্তাক্ত দেহ দেখতে পান। এরপর রান্নাঘরে গিয়ে দেখেন স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। বাসায় একজন গৃহকর্মী সকালে কাজ করতে আসতেন।
নাফিসা নাওয়াল বিনতে আজিজ প্রিপারেটরি স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী ছিলেন। লায়লা আফরোজ ছিলেন গৃহিণী। এ জেড আজিজুল ইসলাম উত্তরা সানবিমস স্কুলের পদার্থ বিজ্ঞানের শিক্ষক। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে গত ১৩ বছর একই ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন তিনি। তাদের গ্রামের বাড়ি নাটোরে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা যায় গৃহকর্মী আয়শা সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস পড়ে বাসা থেকে বের হয়ে যান। ধারণা করা হচ্ছে এই সময়ের মধ্যে মা-মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ছুড়ি উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যাকারী ঘটনার পর বাসার বাথরুম ব্যবহার করেছেন এমন আলামত পাওয়া গেছে।


