
অবশেষে ফর্মুলা ওয়ানে বিশ্ব এক নতুন তারকাকে পেল। শ্বাসরুদ্ধকর মৌসুমের শেষ রেসে তৃতীয় স্থান নিশ্চিত করেই ক্যারিয়ারে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন শিরোপা জিতলেন ২৬ বছর বয়সী ব্রিটিশ নাগরিক ল্যান্ডো নরিস।
আবু ধাবিতে অনুষ্ঠিত গ্রা পিঁ’তে নরিসের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন রেড বুলের ম্যাক্স ভার্স্টাপেন। মাত্র দুই পয়েন্টের ব্যবধানে ভার্স্টাপেনকে হারিয়ে শিরোপা নিজের করে নেন নরিস। শেষ রেসটি অবশ্য জিতেছেন ভার্স্টাপেন। দ্বিতীয় স্থানে ছিলেন নরিসের ম্যাকলারেন সতীর্থ অস্কার পিয়াস্ট্রি। ১৯৯৮ সালের পর এই প্রথম ম্যাকলারেন ডাবল শিরোপা জিতল।

ফর্মুলা ওয়ান বা এফ ওয়ানে নরিসের এটি সপ্তম মৌসুম। প্রথমে একটু ধীর শুরু করেন নরিস। এরপর দ্বিতীয়ার্ধে প্রবলভাবে ঘুরে দাঁড়ান। এ জয়ের মাধ্যমে ১১তম বৃটিশ হিসেবে ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন নরিস।
এই জয় ম্যাকলারেনের মুকুট নতুন পালক যোগ করেছে। ২০০৮ সালে লুইস হ্যামিলটনের পর এটাই ম্যাকলারেনের প্রথম ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপ।


