
বাংলাদেশে যখন বিপিএলে মগ্ন ক্রিকেট প্রেমীরা ঠিক তখন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দারুণ সময় কাটাচ্ছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথম পাঁচ ম্যাচে উইকেটের দেখা না পেলেও পরের চার ম্যাচে টানা উইকেট পেয়েছেন তিনি।
সোমবার হোবার্টে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে দলের জয়ে দারুণ ভূমিকা রাখেন রিশাদ। ৩৪ রানে ২ উইকেট নিয়ে রেনেগেডসকে আটকে দেন মাত্র ১৬২ রানে। রিশাদের শিকার হন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।
১৬২ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে হোবার্ট হ্যারিকেনস দাপুটে জয় তুলে নেয়। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এলো রিশাদের দল। নাথান এলিস ৩০ রান খরচায় ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ১৮ ওভার বল করে রিশাদের ঝুলিতে জমা পড়েছে ৮ উইকেট। গড়ে এক উইকেট নিতে খরচা করেছেন ১৭.৩৭ রান। আর ওভার প্রতি রান দিয়েছেন ৭.৭।


