
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে এমন বার্তা বিসিবিকে দিয়েছে আইসিসি। তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই দাবিকে স্পষ্টভাবে অস্বীকার করেছে।
বিসিবি জানিয়েছে, নিরাপত্তার শঙ্কার কারণে আইসিসিকে পাঠানো চিঠির জবাব পেয়েছে। চিঠির জবাবে আইসিসি জানিয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণাঙ্গ ও নিরবিচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, কিছু গণমাধ্যমে এ বিষয়ে বোর্ডকে ‘আল্টিমেটাম’ দেওয়া হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য।


