
রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এক ব্যবসায়ী ও তার শ্যালক ভ্যানে করে কাপড় বিক্রি করছিলেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা ও গুলিবর্ষণ শুরু করে বলে অভিযোগ রয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার সময় রাবার বুলেটের আঘাতে ওই ব্যবসায়ী সড়কে পড়ে গেলে তাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। একই ঘটনায় তার শ্যালকও গুলিবিদ্ধ হন।
এদিকে, সংশ্লিষ্ট মামলার তদন্তে জড়িত থাকার অভিযোগে গত বছরের ২২ জুন ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করে।


