কর্মমুখী শিক্ষা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর, ৭ মন্ত্রণালয়ের কাজের মূল্যায়ন সংসদীয় সভায়

কর্মমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে একাদশ শ্রেণিতে ভর্তি ফি কমানো এবং অতিরিক্ত ফি আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভায় এসব বিষয় উঠে আসে।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম জানান, সাতটি মন্ত্রণালয়ের মন্ত্রীরা গত এক মাসের কার্যক্রম, সমস্যা ও সমাধানমূলক পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন কারিকুলামের ভুল-ত্রুটি সংশোধন করে তা হালনাগাদ করা হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যে শিক্ষা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে না বা বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে কাজের সুযোগ তৈরি করে না, সেই শিক্ষার কার্যকারিতা সীমিত। তাই পাঠ্যক্রমে কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিফ হুইপ আরও জানান, একাদশ শ্রেণিতে ভর্তি ফি দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় স্বাস্থ্য খাতের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। ডেঙ্গু ও হাম প্রতিরোধে দেশব্যাপী প্রস্তুতি গ্রহণ এবং উপজেলা পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানায়, নতুন এক হাজার কিলোমিটার সড়ক নির্মাণের টেন্ডার সম্পন্ন হয়েছে। এ প্রকল্পগুলো কম খরচে ও দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া বিকেএসপির শাখা সম্প্রসারণ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উন্নয়ন, যুব প্রশিক্ষণ ও কর্মসংস্থান, নারী ও শিশু উন্নয়ন, চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং তিস্তা ব্যারেজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সভায় তুলে ধরা হয়।

বিদ্যুৎ খাতে নতুন গ্রাহক সংযুক্তি এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান চিফ হুইপ।

দ্রব্যমূল্য ও ডলার সংকট প্রসঙ্গে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময় ডলারের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর পণ্যের দামও বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার এ পরিস্থিতি মোকাবিলা এবং মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ