ইরানি নেতারা বেশ শক্তিধর ও আত্মগর্বে ভুগছেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে এখনো কোনো চুক্তি হয়নি। তবে শেষ পর্যন্ত তেহরানকে আলোচনার টেবিলে আসতেই হবে বলে মনে করেন তিনি।

শুক্রবার (৬ জুন) এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতারা নিজেদের শক্তিশালী মনে করেন এবং আত্মগর্বে ভোগেন। এ কারণে আলোচনা এগোতে সময় লাগছে।

তিনি বলেন, “তারা শক্তিধর এবং আত্মগর্বী। এমন কিছু কাজ এখন তাদের করতে হবে, যা তারা আগে কখনো করবে বলে ভাবেনি। শেষ পর্যন্ত তাদের কোনো বিকল্প থাকবে না।”

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত চতুর্থ মাসে প্রবেশ করেছে। দুই দেশ যুদ্ধবিরতির বিষয়ে কয়েক দফা সমঝোতায় পৌঁছালেও সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীর কাছে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

সমালোচকদের উদ্দেশে ট্রাম্প বলেন, বড় ধরনের আন্তর্জাতিক সংঘাতের সমাধান রাতারাতি সম্ভব নয়। তিনি ভিয়েতনাম যুদ্ধের উদাহরণ টেনে বলেন, “এ ধরনের বিষয় সমাধান হতে বছরের পর বছর সময় লাগে। যুদ্ধের মাত্র তিন মাস চলছে, অথচ সবাই জানতে চায় কবে জিতব।”

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির অধিকাংশ ড্রোন কারখানা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের কাছে এখনো কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে বলে স্বীকার করেন তিনি।

এর আগে এক পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল হতে পারে। একই সঙ্গে তিনি বলেন, দুই দেশের সামনে এখন দুটি পথ খোলা—চুক্তি অথবা অন্য কোনো কঠিন বিকল্প।

তিনি বলেন, “আমাদের সিদ্ধান্ত নিতে হবে—আমরা কি চুক্তি করব, নাকি অন্য পথ বেছে নেব। আর অন্য পথটি সুখকর হবে না।”

সূত্র: এনবিসি নিউজ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ