
বহুল আলোচিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য সার্জেন্ট জাহিদুজ্জামান ও সৈনিক শাহীন আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৮ জুন) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মুমিনুল হক এ আদেশ দেন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, তনুর মরদেহের কাপড়ে পাওয়া ডিএনএ নমুনার ভিত্তিতে তদন্তে নতুন অগ্রগতি এসেছে। মামলার আরেক সন্দেহভাজন সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে নিয়মিত হাজিরার অংশ হিসেবে আদালতে আনা হলে শুনানি শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় নিখোঁজ হওয়ার পরদিন সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্তের পর বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই।


