
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এর একটি সাক্ষাৎকার চলাকালে ক্ষুব্ধ হয়ে মাঝপথে বেরিয়ে যান।
সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়ার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ট্রাম্পের তোলা কারচুপির অভিযোগের পক্ষে প্রমাণ চান অনুষ্ঠানের সঞ্চালক ক্রিসটেন ওয়েলকার। এ নিয়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
ওয়েলকার অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপনের আহ্বান জানালে ট্রাম্প দাবি করেন, তিনি সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া তথ্য ও নিজের পর্যবেক্ষণের ভিত্তিতে মন্তব্য করেছেন। তবে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।
একপর্যায়ে ট্রাম্প মূলধারার মার্কিন গণমাধ্যম ও নির্বাচনী কর্তৃপক্ষকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন। তিনি এনবিসি এবং সঞ্চালক ক্রিসটেন ওয়েলকারেরও সমালোচনা করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ট্রাম্প সাক্ষাৎকার শেষ করার ঘোষণা দিয়ে আসন ত্যাগ করেন। পরে অনুষ্ঠানের সঞ্চালক জানান, সাক্ষাৎকার শেষে ট্রাম্পের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে আবারও সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে তিনি সম্মতি দিয়েছেন।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।


