
সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি—থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে—ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ-সংক্রান্ত একটি পরিপত্র রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে এখন থেকে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এসব উপকরণে প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন নিশ্চিত করতে হবে।
পরিপত্রে আরও বলা হয়, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়। ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনার পরিবর্তে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্যকে প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে পরিপত্রে নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে।
বর্তমান সরকার ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শপথ গ্রহণ করে। বর্তমানে মন্ত্রিসভায় রয়েছেন প্রধানমন্ত্রীসহ ২৬ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।


