
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি ‘পরীক্ষিত বন্ধু রাষ্ট্র’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস আয়োজিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকটে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা দুই দেশের গভীর অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এই সহযোগিতা দুই দেশের পারস্পরিক আস্থা ও সম্পর্ককে আরও সুসংহত করেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, পারস্পরিক স্বার্থ, অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে তারা বিশ্বাস করেন। টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিসরে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা ও দুই দেশের যৌথ অঙ্গীকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে দুই দেশ আরও কার্যকর ভূমিকা পালন করবে।


